
ছবিঃ এ আই দিয়ে তৈরি।
তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে রংপুর বিভাগের বিভিন্ন জেলার মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন। বৈঠকে জেলার সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের বর্তমান অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত করতে ধারাবাহিকভাবে বিভাগভিত্তিক মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান। এসব বৈঠকে তিনি মাঠপর্যায়ের নেতাদের কাছ থেকে সরাসরি সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হচ্ছেন।
তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তৃণমূল সংগঠনের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নেতাকর্মীদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২০ জুলাই একই কর্মসূচির আওতায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।